
ঈদুল ফিতরকে সামনে রেখে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিও ‘বন্ধু তোমায় একটি কথা বলতে চাই’। গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আগুন ও ড. শম্পা দেওয়ান। আর্টবক্স মিউজিকের প্রযোজনায় গানটি শম্পা দেওয়ানের চলমান পঞ্চাশটি গানের ভিডিও প্রজেক্টের দ্বিতীয় গান। এর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী আগুন।
গানটিতে মডেল হয়েছেন রোকন খান ও ফাইজা ইসলাম। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। একসময় নিয়মিত গানে সরব থাকলেও এখন উৎসব নির্ভর গানে পাওয়া যায় শ্রোতাপ্রিয় গায়ক আগুনকে। তারই ধারাবাহিকতায় ‘বন্ধু তোমায় একটি কথা বলতে চাই’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি নিয়ে আগুন বলেন, ‘সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে গানটি তৈরি করেছি। ঈদে শ্রোতাদের জন্য এটি আমার বিশেষ উপহার। শম্পা দেওয়ানের কণ্ঠে গানটি নতুন মাত্রা পেয়েছে।’ শম্পা দেওয়ান বলেন, ‘গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আমার অত্যন্ত প্রিয় শিল্পী আগুন। তিনি অসাধারণ নিষ্ঠা, মমতা ও যত্ন দিয়ে গানটি নির্মাণ করেছেন। গানটির প্রতিটি লাইনে রয়েছে আবেগ ও হৃদয়ের গভীর অনুভূতি।’ তার ভাষায়, ‘এই গানটি আমার হৃদয়ের খুব কাছের। চেষ্টা করেছি ভালোবাসার সহজ অথচ গভীর কথাগুলো সুরের মাধ্যমে প্রকাশ করতে। আশা করি, দর্শক-শ্রোতাদের হৃদয়ে গানটি বিশেষ জায়গা করে নেবে।’
পুরো প্রজেক্টের তত্ত্বাবধানে রয়েছেন আর্টবক্স মিউজিকের ক্রিয়েটিভ ডিরেক্টর সংগীতশিল্পী ও পরিচালক এস কে সমীর। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু গান প্রকাশ নয়, বরং প্রতিটি কাজকে একটি মানসম্পন্ন ভিজ্যুয়াল ও সংগীত অভিজ্ঞতায় রূপ দেওয়া। এই গানটিতে আমরা গল্প, চিত্রায়ন ও সাউন্ড- সব দিকেই বিশেষ যত্ন নিয়েছি। শম্পা দেওয়ানের পঞ্চাশটি গানের এই প্রজেক্ট দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনার অংশ, যেখানে ধারাবাহিকভাবে ভিন্নধর্মী ও মানসম্মত কাজ উপহার দেওয়া হবে।