
বছরের শুরুতেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। তবে সেই ঘোষণার পরও একের পর এক সিনেমায় তার কণ্ঠ শোনা যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে ভক্ত-অনুরাগীদের মধ্যে। সম্প্রতি অভিনেতা আমির খানের ছেলের সিনেমায় গান গাওয়ার পাশাপাশি সালমান খান অভিনীত ‘মাতৃভূমি’ সিনেমাতেও তার কণ্ঠ শোনা গেছে। নেটিজেনদের মধ্যে এ নিয়ে জোর গুঞ্জন ওঠে। এ সমালোচনার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যাও দিয়েছেন গায়ক নিজেই। অরিজিৎ সিং জানিয়েছেন, চলতি বছরে যে গানগুলো মুক্তি পাচ্ছে, তার বেশিরভাগই আগে থেকে রেকর্ড করা ছিল। গায়ক বলেন, প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার আগেই তিনি সেই কাজগুলোর সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং কিছু প্রজেক্টে চুক্তিবদ্ধ ছিলেন। তাই সেগুলো মাঝপথে ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না।
এরই মধ্যে নতুন করে চর্চায় এসেছে ভূত বাংলা সিনেমার একটি গান নিয়ে। প্রিয়দর্শন পরিচালিত ও অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সেই সিনেমার রোমান্টিক ট্র্যাক ‘তু হি দিসদা’-তে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। এ গানটির ক্ষেত্রে নাকি উল্টো ঘটনাই ঘটেছে। তাও আবার নির্মাতাদের তরফে নয়, বরং গায়ক নিজেই আগ্রহ দেখিয়েছিলেন গানটি গাওয়ার জন্য।
একটি সূত্রের দাবি, বালাজি মোশন পিকচার্স ও সুরকার প্রীতমের টিমের সঙ্গে নিজে যোগাযোগ করে এ গানে কণ্ঠ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন অরিজিৎ সিং। গানটির আবেগের সঙ্গে তিনি নিজেকে গভীরভাবে যুক্ত করতে পেরেছিলেন বলেই এমন সিদ্ধান্ত নেন।