
কিংবদন্তি পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। মুক্তির প্রথম সপ্তাহে সর্বকালের সেরা বায়োপিক হিসেবে আয়ের নতুন ইতিহাস গড়েছে সিনেমাটি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার মুক্তির পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী চলচ্চিত্রটি আয় করেছে ২১৭ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার বেশি। এর মাধ্যমে সিনেমাটি আগের সব রেকর্ড ভেঙে দিয়ে বায়োপিক ঘরানায় আয়ের শীর্ষে উঠে এসেছে। এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া কুইন ব্যান্ডের লিড সিঙ্গার ফ্রেডি মার্কারিকে নিয়ে নির্মিত ‘বোহেমিয়ান র্যাপসোডি’ ১২৪ মিলিয়ন ডলার আয় করে মিউজিক্যাল বায়োপিকের রেকর্ডটি নিজের দখলে রেখেছিল। অন্যদিকে, ২০২৪ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী চলচ্চিত্র ‘ওপেনহাইমার’ ১৮০ মিলিয়ন ডলার নিয়ে যে কোনো বায়োপিকের ক্ষেত্রে সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছিল। এবার ‘মাইকেল’ এই দুটি ব্লকবাস্টার সিনেমাকেই টপকে গেল।
সিনেমাটি নিয়ে সমালোচক এবং সাধারণ দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সমালোচকদের মতে, মাইকেল জ্যাকসনের জীবনের অনেক বিতর্কিত বিষয় এখানে এড়িয়ে গিয়ে ‘পরিচ্ছন্ন’ একটি চিত্র দেখানোর চেষ্টা করা হয়েছে।