ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চরকিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’

চরকিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’

স্বাধীন চলচ্চিত্র হিসেবে প্রশংসিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ২৬ আগস্ট রাত ১২টা থেকে সিনেমাটি দেখতে পারবেন দেশ-বিদেশের দর্শকরা। নির্মাতা আকাশ হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরুর সময় গণরুমের তিক্ত অভিজ্ঞতাসহ নিজের দেখা চারপাশ থেকেই অনুপ্রাণিত হয়েছেন এ ধরণের গল্পে সিনেমা নির্মাণে।

ছাত্ররাজনীতিতে ক্ষমতা কীভাবে এক হাত থেকে অন্য হাতে যায় কিংবা ক্ষমতার পালা বদলের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করা হয়, কোথায় টাকা ওড়ে, কার টাকা কার পকেট হয়ে কোথায় যায়। শিক্ষার্থীরা কীভাবে ক্ষমতার বাহক হয়ে রাজা থেকে নিঃস্ব হয়- এমন অনেক কিছু নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। নেতার কাছাকাছি বা আস্থাভাজন হওয়ার জন্য কিছু কর্মী যে ‘পন্থা’ অবলম্বন করতে চান সেটিও এসেছে এ সিনেমায় এবং ‘সহমত ভাই’ গানে। গানের কথাগুলো এমন- ‘নেতা আপনি শুধু আগান আমরা আছি পাশে/আপনার জন্য জীবন দেব দলকে ভালোবেসে/আপনি যদি ডানে আগান আমরা যাব ডানে/আপনি যদি ভাসেন নেতা আমরা ভাসব বানে/সামনে যদি বুলেট আসে পেতে দেব বুক/আপনা দুখে দুখী আমি আপনার সুখে সুখ।’

সব মিলিয়ে নির্মাতা আকাশ হক মজার ছলে সিনেমায় তুলে এনেছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মন্ডল, এস এ জীবন, মেহেদী হাসান সোহানসহ অনেকেই। পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনা, চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণের কাজও করেছেন আকাশ হক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত