
চলচ্চিত্রে অশ্লীলতার বিরুদ্ধে সরব ছিলেন চিত্রনায়ক মান্না। অথচ তার অভিনীত 'ফায়ার' মুক্তির পর ছবিটিতে অশ্লীল দৃশ্য থাকার অভিযোগ ওঠে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনিও। ছবিটি মুক্তির ২৪ বছর পর সম্প্রতি সামনে আসা একটি ভিডিওতে পাওয়া গেল মান্নার বক্তব্য। সেখানে তিনি জানিয়েছেন, ছবিটির অর্ধেক কাজ করার পরই সরে দাঁড়িয়েছিলেন। ডাবিংও করেননি। মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি সূত্রে পাওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'ফায়ার' নামে যে ছবিটি আমি করেছিলাম, সেই ছবিতে অর্ধেক কাজ করার পরে আমি আর কাজ করিনি। এমনকি আমি সিনেমায় ভয়েসও দিই নাই। আমি ডাবিংয়েও যাই নাই।
মান্নার স্ত্রী শেলী মান্না জানান, ২০০২ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে মান্না নিজের কাজ শেষ করেননি। তার দাবি, পরে মান্নার পরিবর্তে ডামি ব্যবহার করে কিছু দৃশ্যের শুটিং করা হয়। ছবিটির মুক্তি ও এসব দৃশ্য নিয়ে বিরক্ত ছিলেন মান্না।
শেলী মান্না বলেন, এটা অনেক বছর আগের কথা। পুরোটা মনে নেই। তবে মুক্তির পরে দর্শক ও সমালোচকেরা যেসব বিষয় নিয়ে অভিযোগ তুলেছিলেন, সেসব নিয়ে মান্নার সঙ্গে প্রযোজকের দ্বন্দ্ব হয়েছিল। মান্না জেনেশুনে কখনোই কোনো অশ্লীল সিনেমায় অভিনয় করবে না। অশ্লীলতার বিরুদ্ধে সে নিজেই লড়েছে।
'ফায়ার' ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেন মোহাম্মদ হোসেন। তিনি দেশের বাইরে থাকায় এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সিনেমার নায়িকা ছিলেন পলি।