
কুমিল্লার দাউদকান্দিতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন,৭ রাউন্ড গুলি এবং ৩৬ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া দুইটায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকামুখি লেনে একটি পিকআপ ভ্যান গাড়িতে তল্লালি চালিয়ে একটি অস্ত্র,গুলি এবং বিপুল পরিমাণ মাদকসহ এক জনকে গ্রেপ্তার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার জাকারিয়া ইদ্রিস (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নীলা গ্রামের মো.সফিকুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে একটি পিকআপ গাড়িতে অভিনব কায়দায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে অস্ত্র ও ইয়াবার চালান নিয়ে ঢাকা যাচ্ছে। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে চৌকি বসিয়ে তল্লাশি চলাকালীন বৃহস্পতিবার রাত প্রায় সোয়া দুইটার দিকে পিকআপ ভ্যানটি টোলপ্লাজায় এলে পুলিশ গাড়িটি থামিয়ে চালককে আটক করে জিজ্ঞাসাবাদ কালে গাড়ির চালকের সিটের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞেসাবাদে চালকের দেওয়া তথ্যে গাড়ির স্টিলের পাটাতন কেটে বিশেষ কৌশলে তৈরি করা জায়গায় ৩৩টি জ্যামিতি বক্সের ভিতর নীল রংয়ের ১৮০টি প্যাকেটে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় চালক জাকারিয়া ইদ্রিসকে গ্রেপ্তার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করেছে পুলিশ।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজার সংলগ্ন স্থানে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে অস্ত্র,গুলি ও ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং একজনকে গ্রেপ্তার করেছে। এসময় একটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।