
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ের পর তাদের মধ্যে কথা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে মোদি বলেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। নির্বাচনে জয়ের জন্য মোদি তারেক রহমানকে অভিনন্দনও জানান। দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রেক্ষাপটে মোদি ভারতের পক্ষ থেকে শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তারেক রহমানকে পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন : ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জয় পাওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে অভিনন্দনের বার্তা। পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও বাংলাদেশের নির্বাচনে বিএনপির ‘অভূতপূর্ব জয়ের’ জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান। শুক্রবার এক্সে দেওয়া পোস্টে তিনি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান এবং নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রত্যাশা রাখে পাকিস্তান।
এদিকে, যুক্তরাষ্ট্রও বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে। শুক্রবার সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হওয়া বাংলাদেশের জনগণের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের প্রতিফলন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আরও জোরদার হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। এ ছাড়া চীনও বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে। শুক্রবার ঢাকাস্থ চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানো হচ্ছে এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকেও শুভেচ্ছা জানানো হচ্ছে। পোস্টে আরও বলা হয়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করে চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে তারা আগ্রহী।
তারেক রহমানকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুনের অভিনন্দন : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাজ্যসভার বিরোধী দলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) সভাপতি মল্লিকার্জুন খড়গে। শুক্রবার এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানাই। ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং অন্যান্য অভিন্নতার গভীর বন্ধন রয়েছে। আমাদের অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তির জন্য একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সব সময় সব ভারতবাসী সমর্থন করবে।’
তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট : ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি। মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, আমি আমার উষ্ণ শুভেচ্ছা জানাই এবং মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও অগ্রসর ও গভীর করতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। আমি আত্মবিশ্বাসী যে, আমাদের অংশীদারিত্ব সামনের বছরগুলোতে আরও সুযোগ বাড়ানোর পাশাপাশি শক্তিশালী করবে।