
আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এ লক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। এর শেষ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটের ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।
মঈন উদ্দিন খান জানান, এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও চাকরি ছাড়ার প্রত্যয়নপত্র জমা দেওয়া হয়নি। বিধি অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পর নির্বাচনে অংশ নেওয়া যায়।
এ কারণে তাকে আজ বেলা ১২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, আগামী রোববারের মধ্যে আপিল করা যাবে এবং ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
বিএনপি জোটের বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন সুলতানা জেসমিন।
সমৃদ্ধ দেশ গড়তে আমরা একসঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ- সেলিমা রহমান : বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, জনগণের উত্তরণ থেকে শুরু করে উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশা করি, সেই লক্ষ্য পূরণে আমরা সফল হবো। সেলিমা রহমান বলেন, এ সংসদে গণতন্ত্রকে সামনে রেখে জনগণের উন্নয়ন, বৈষম্য দূরীকরণ এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত ও বঞ্চিত সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গত ১৭ বছর ধরে যারা কষ্টে দিন কাটিয়েছে, যেখানে অনেক মানুষ না খেয়ে থেকেছে তাদের সবাইকে সমান সুযোগের আওতায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চান। তাই আমরা যারা আজ নির্বাচিত হয়ে সংসদে এসেছি, সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, সংসদে যারা এসেছেন, তারা সংসদে তাদের প্রয়োজনীয় ভূমিকা যথাযথভাবে পালন করবেন। জনগণের উত্তরণ থেকে শুরু করে উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশা করি, সেই লক্ষ্য পূরণে আমরা সফল হবো।
আপনারা যে এলাকাকে প্রতিনিধিত্ব করবেন, সেখানে তো আগে থেকেই একজন এমপি রয়েছেন—সে ক্ষেত্রে আপনাদের কাজ করতে কোনও ধরনের সমস্যা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। আপনারা জানেন, সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেন। কোথায় এবং কীভাবে তারা কাজ করবেন, তা মূলত দল থেকেই নির্ধারণ করা হয়। এদিকে বিএনপি জোট থেকে মনোনয়ন বৈধতা পাওয়া শিরিন সুলতানা বলেন, নারীদের নিয়ে আমাদের সমাজে অনেক বড় বড় কথা বলা হয়। কিন্তু পদক্ষেপ নেওয়া হয় না।
আমরা দেশের নারীদের নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি সমাজে ছড়িয়ে পড়া মাদক নির্মুলেও কাজ করতে চাই। বিএনপি জোটের আরেক নেত্রী রেহানা আক্তার রানু বলেন, আমরা আজ সংসদে যাচ্ছি, আমরা নেতার উন্নয়নের অগ্রযাত্রায় কাজ করতে চাই। আর আমাদের সংসদে যে বট বাহিনী আছে তাদের বিরুদ্ধে কাজ করতে চাই।
এদিকে মনোনয়ন বৈধতা পাওয়ার পর স্বতন্ত্র মোর্চার সুলতানা জেসমিন বলেন, সামনের দিনে ভালো করতে হলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য সবচেয়ে ভালো ম্যাথড হতে পারে কারিগরি শিক্ষার জায়গাটা সম্প্রসারণ করা। কৃষিক্ষেত্রে কাজ করতে হবে। শুধু নারী নয়, পুরো জনগোষ্ঠী নিয়ে আমি কাজ করতে চাই।
উল্লেখ্য, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।