
ডেঙ্গু প্রতিরোধে আবাসিক ও বাণিজ্যিক ভবন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করতে শিগগির অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আরও জানিয়েছেন, কোনো বাড়িতে জমে থাকা পানি পাওয়া গেলেই জরিমানা করা হবে।
গতকাল শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ‘ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক র্যালি’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৮টি ওয়ার্ডের পরিস্থিতি গুরুতর, এসব এলাকায় পাওয়া ডেঙ্গু মশার লার্ভার ঘনত্ব অনেক বেশি। তিনি বলেন, ‘প্রত্যেককে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভেতরে যেন নারকেলের খোসায় বদ্ধ পানি না থাকে, ফুলের টবে যেন পানি না থাকে, যারা ছাদের উপরে বাগান করেছেন- টবে যেন পানি না থাকে, বাইরে রক্ষিত টয়লেট যদি অব্যবহৃত হয়, কমোড বা প্যানের ভেতরে যেন পানি না জমে থাকে। বাড়ির ভেতরের ড্রেনগুলোতে যেন পানি না জমে থাকে।’ জনসচেতনতায় গতকাল থেকে মাইকিং করা, এবং আগামী দুই-তিন দিন পর থেকে মোবাইল টিম অভিযান শুরু করবে বলেও এ সময় জানান তিনি।