
বাংলাদেশের শিক্ষা উন্নয়নে চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে চান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে 'ঢাকা চায়না ডে ২০২৬' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ-চীনের সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের বন্ধুত্ব, আস্থা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিক্ষা ও উন্নয়নে এ সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে।
মন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভেট), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিল্প-শিক্ষা সংযোগ এবং সুনীল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নে 'চীনা মডেল' অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নে চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'জাতি শিক্ষার্থীদের দিকে তাকিয়ে আছে, তারাই আমাদের ভবিষ্যৎ। তাই 'আগামীর বাংলাদেশ' গড়তে তাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড' বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। এ সুযোগ কাজে লাগাতে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে চীনের সহযোগিতা কাজে লাগবে। দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।'
শিল্প-শিক্ষা সংযোগের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, 'শিল্প-শিক্ষা সংযোগের ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা অনুসরণীয়। সেই অভিজ্ঞতায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি মডেল হিসেবে গড়ে তোলা হচ্ছে। একইভাবে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উন্নয়নেও কাজ চলছে।'
শিক্ষামন্ত্রী আরও বলেন, 'সরকার সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিয়েছে। ইলেকট্রিক ভেহিকল (ইভি), সবুজ প্রযুক্তি ও আধুনিক পরিবহন ব্যবস্থার উন্নয়নেও কাজ চলছে। রোবটিক্স ও সুনীল অর্থনীতির মতো সম্ভাবনাময় খাতেও চীনের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে।'
বাংলাদেশকে 'এডুকেশন হাব' করার পরিকল্পনার কথা জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, 'দেশে 'ক্রস-বর্ডার এডুকেশন' চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী ও মানসম্মত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, 'তরুণরাই দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে পারবে।' বাংলাদেশের শিক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডে চীনের অব্যাহত সহযোগিতার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ফরাসউদ্দিন বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান।