
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং দুর্যোগের ঝুঁকি কমিয়ে দেশের অভিযোজন সক্ষমতা বাড়াতে ৩ কোটি মার্কিন ডলার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) 'অ্যারাইজ' কর্মসূচির প্রথম পর্যায়ে নির্বাচিত পাঁচটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। এ অর্থ দিয়ে দেশের উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব কৃষির সম্প্রসারণে বিনিয়োগ করা হবে। বাংলাদেশ ছাড়াও প্রথম পর্যায়ে অনুদানের জন্য নির্বাচিত হয়েছে হাইতি, কিরগিজস্তান, মরক্কো ও সিয়েরা লিওন। প্রতিটি দেশ ৩০ মিলিয়ন ডলার করে পাবে।
এ ছাড়া মোজাম্বিক ও মালাউইকে নিয়ে একটি যৌথ আঞ্চলিক উদ্যোগে ৪০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে প্রথম পর্যায়ে ছয়টি উদ্যোগে ১৯০ মিলিয়ন ডলার অর্থায়ন করা হচ্ছে। তুরস্কের আনতালিয়া শহরে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ব্লু জোনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থায়নের ঘোষণা দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অভিযোজন সক্ষমতা ও দুর্যোগ মোকাবিলায় সহনশীলতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এর আওতায় জলবায়ুজনিত দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা এবং কৃষিসহ বিভিন্ন খাতে জলবায়ু অভিযোজনমূলক প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করা হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে উপকূলীয় অঞ্চলের ঝুঁকিক্রমেই বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও অনিয়মিত বৃষ্টিপাতের মতো প্রাকৃতিক পরিবর্তন দেশের কৃষি, অবকাঠামো ও মানুষের জীবন-জীবিকার ওপর চাপ তৈরি করছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে কৃষিজমির উৎপাদন সক্ষমতা ধরে রাখা, বসতবাড়ি ও যোগাযোগ অবকাঠামো রক্ষা এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ বাস্তবতায় সিআইএফের এ অনুদান জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের চলমান উদ্যোগে নতুন অর্থায়নের সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠানে সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেসেগিন বলেন, জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে মানুষের জীবন, জীবিকা ও অর্থনৈতিক সম্ভাবনার ওপর ক্রমবর্ধমান প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। শুধু দুর্যোগের পর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগ নয়, বরং আগাম প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি জানান, অ্যারাইজ কর্মসূচির মোট অর্থায়নের ৪০ শতাংশ বেসরকারি খাতের জন্য বরাদ্দ রাখা হবে। ছয়টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের অংশীদারত্বে এসব বিনিয়োগ বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও জলবায়ু অভিযোজন কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচিতে বিভিন্ন দেশের ব্যাপক আগ্রহের কথাও তুলে ধরেন সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, অ্যারাইজ কর্মসূচির আওতায় অর্থায়নের জন্য ৭০টি দেশ আবেদন করেছিল। এর মধ্যে শীর্ষ ২৫টি আবেদনে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর মোট মূল্য ৭০০ মিলিয়ন ডলার। এসব প্রকল্পের অনেকগুলোতেই জরুরি ভিত্তিতে বিনিয়োগ করা সম্ভব। জার্মানি, আয়ারল্যান্ড ও স্পেনের অর্থায়নের কারণে কর্মসূচিটির প্রথম পর্যায় বাস্তবায়ন করা যাচ্ছে বলেও জানান তিনি।
নির্বাচিত দেশগুলোর জন্য অর্থায়নের ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে নিজ নিজ দেশের জলবায়ু ঝুঁকি ও প্রয়োজন বিবেচনায়। বাংলাদেশের ক্ষেত্রে উপকূলীয় অবকাঠামোকে আরও শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষি সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ফলে দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় অবকাঠামোর সুরক্ষা বাড়ানোর পাশাপাশি পরিবর্তিত জলবায়ু পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে কৃষি উৎপাদন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া সম্ভব হবে। হাইতিতে উপকূলীয় এলাকা সুরক্ষা এবং ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারে অর্থ ব্যয় করা হবে। কিরগিজস্তানে পানি ও কৃষি খাতের জলবায়ু সহনশীলতা বাড়ানো হবে। মরক্কোতে পানির নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানিচালিত লবণাক্ত পানি পরিশোধনব্যবস্থা গড়ে তোলা এবং ব্যবহৃত পানি পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। সিয়েরা লিওনে উপকূলীয় এলাকা সুরক্ষা ও ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অন্যদিকে মোজাম্বিক ও মালাউইকে নিয়ে গঠিত আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষিত করার পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্পে বেসরকারি খাতের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগও নেওয়া হবে।
বিশেষজ্ঞদের কাছে জলবায়ু অভিযোজন এখন শুধু পরিবেশগত বিষয় নয়, বরং অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও উন্নয়ন টিকিয়ে রাখার অন্যতম শর্ত। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য অবকাঠামো সুরক্ষা, কৃষির অভিযোজন এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। সে বিবেচনায় অ্যারাইজ কর্মসূচির ৩ কোটি ডলারের অনুদান গুরুত্বপূর্ণ হলেও দেশের সামগ্রিক জলবায়ু অভিযোজন চাহিদার তুলনায় তা একটি প্রাথমিক সহায়তা। এ অর্থের কার্যকর ব্যবহার, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাই হবে মূল চ্যালেঞ্জ।
সিআইএফের এ উদ্যোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে উপকূলীয় অবকাঠামো ও কৃষিতে পরিকল্পিত বিনিয়োগ করা গেলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দেশের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে অভিযোজন কার্যক্রমে অর্থায়নের পরিধিও বিস্তৃত হতে পারে।
রাষ্ট্রপ্রধানদের কাছে যে প্রত্যাশা 'বিশ্ব নাগরিকদের'
তুরস্কের আনতালিয়া এক্সপো সিটিতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-৩১ এ সারাবিশ্ব থেকে বিভিন্ন পেশাজীবী প্রায় লাখো মানুষ এসেছেন। তারা নিজ নিজ দেশের প্যাভেলিয়ন, অন্য দেশের সাইড ইভেন্ট, প্রতিবাদ মঞ্চসহ নানাভাবে নিজেদের বক্তব্য তুলে ধরছেন। তবে জলবায়ু অঙ্গীকার পূরণে বিশ্বনেতাদের অনৈক্য তাদের হতাশ করেছে। তারা জলবায়ু অঙ্গীকার পূরণ ও প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রভাবশালী দেশগুলো আন্তরিকতা কামনা করেছেন।
বিভিন্ন দেশের নাগরিকরা জলবায়ু অভিঘাতে নিজেদের দুর্দশার চিত্র তুলে ধরে স্বার্থ ও শর্তহীন তহবিল ছাড়ের দাবি তুলে বিশ্ব নেতাদের অঙ্গীকার পূরণের দাবি জানান। পশ্চিম আফ্রিকার অনুন্নত দেশ টোগোর স্টলে দেখা হয় দেশটির নাগরিক রাইসা নামে এক তরুণীর সঙ্গে। তিনি নিজের শিশুসন্তানকে নিয়ে এসেছেন সম্মেলনে। রাইসা বলেন, 'আমরা প্রাকৃতিক ও সাধারণ জীবনযাপনের কারণেই কার্বন নিঃসরণ কম করি। কিন্তু আমরা উচ্চ জলবায়ু ঝুঁকির দেশ। আমাদের ৭০ ভাগ মানুষ কৃষিকাজ করে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের কৃষিজীবী মানুষদেরই ক্ষতি বেশি হচ্ছে। এ কারণে আমাদের খাদ্য সংকট ও কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। পুষ্টিহীনতার সঙ্গে প্রকৃতিতে জীববৈচিত্র্যের ক্ষতিও হচ্ছে ভীষণ।'
জলবায়ু পরিবর্তনের কারণে টোগোতে লবণাক্ততায় নানাবিধ ক্ষতি করছে বর্ণনা করে রাইসা বলেন, "বৃষ্টি, খরা, বন্যা আমাদের বিপর্যস্ত করে দিচ্ছে। আমাদের মতো দেশগুলোকে বাঁচাতে বিশ্বনেতাদের প্যারিস অঙ্গীকার পূরণ করতে হবে। কিন্তু হতাশাজনক হলেও সত্য, কার্বন নিঃসরণকারী ও প্রকৃতি ধ্বংসকারী বড় দেশগুলোর কারণে বৈশ্বিক জলবায়ু উদ্যোগ বাস্তবায়ন করা যায় না। 'সম্মেলনে যে আশা নিয়ে আসি সেই আশা পূরণ হয় না। হতাশ হয়ে ফিরতে হয়। শুধু দেন দরবার আর লোক দেখানো আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়।'
অস্ট্রেলিয়ার নাগরিক সমাজের প্রতিনিধি ফিয়েনা রেইন বলেন, 'আমরা শুষ্ক অঞ্চলের মানুষ। তাপমাত্রা বৃদ্ধি ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের মাত্রা বেড়েই চলছে। ব্ল্যাক সামারে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্তৃত বনভূমি। আমাদের তাপমাত্রা দিনকে তিন বাড়ছে। শহর এবং গ্রামেও পরিবর্তন এসেছে। কৃষিতে সংকট দেখা দিয়েছে। 'আমাদের কৃষিপ্রধান অঞ্চলে পানি কমে গেছে। মাটিতে লবণাক্ততা বাড়ায় কৃষি ও গবাদিপশুর সমস্যা হচ্ছে। এসব সংকট নিয়ে আমরা দিনযাপন করছি। আমরা চাই বৈশ্বিক এই সংকটে রাষ্ট্রপ্রধানরা এক হয়ে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করবেন।' তুরস্ক সম্মেলনে প্যারিস ঘোষণার পর আরেকটি কার্যকর ঘোষণা আসার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ আন্দোলন সংগঠক আমিরুল রাজিবের সঙ্গে দেখা হয় সম্মেলনে। তিনি বলেন, 'বিশ্বের নানা প্রান্তের সাধারণ মানুষ সম্মেলনে অনেক আশা নিয়ে এসেছে। শুধু বিশ্বনেতারা নয়, নানা শ্রেণি পেশার মানুষ এসে তাদের দাবি তুলে ধরছে, একতাবদ্ধ হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ মানুষই পরিবর্তনের দাবি তুলছে। কিন্তু সৌদি আরব, আমেরিকাসহ নানান ডানপন্থি সরকার ও তাদের লবিস্টরা সাধারণ মানুষের প্রত্যাশা ও জলবায়ু অঙ্গীকার কৌশলে বাধাগ্রস্ত করছে। 'তবে সারাবিশ্বে সাধারণ মানুষ সচেতন ও সরব হচ্ছে। তারা উচ্চ কণ্ঠে জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগ ও নেতাদের হটকারিতার বিরুদ্ধে কথা বলছে। সারা বিশ্বে তরুণরা রাজনৈতিক পরিবর্তনে সোচ্চার হচ্ছে। একইসঙ্গে জলবায়ুর বিরূপ প্রভাব, ধনী দেশগুলোর কার্বন নিঃসরণ ও উষ্ণায়ন নিয়েও সচেতন হয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও অঙ্গীকার পূরণে তারা আওয়াজ তুলছে।'
বাংলাদেশের উপকূল ও হাওরের মানুষ যেভাবে জলবায়ু অভিঘাতে বিপর্যস্ত, তেমনি ইউরোপে সম্প্রতি তাপপ্রবাহে প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ফ্রান্সে প্রাচীন বনরাজি দাবানলে পুড়েছে। এখন এই বিষয়টি আর ধনী-গরিব দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন চরম বৈশ্বিক সংকট বলেও অভিমত আমিরুল রাজিবের। তাই এখনই জলবায়ু সংকট সমাধানের তাগিদ দিয়ে তিনি বিভিন্ন কপ সম্মেলনের প্রতিশ্রুতিগুলো অবিলস্বে বাস্তবায়নের দাবি জানান। স্থানীয় ও লোকায়ত জ্ঞানের মূল্যায়ণের মাধ্যমে জলবায়ু তহবিলের ন্যায্যতা নিশ্চিত ও টেকসই দুর্যোগ মোকাবিলায় তাদের কাজ করার আহ্বান জানান তিনি। সম্মেলনে কথা হয় বাংলাদেশের উন্নয়নকর্মী এবিএম জাকারিয়ার সঙ্গে।
তিনি বলেন, 'আমরা আশাবাদী। আশাহত হওয়ার কারণ নেই। যদিও আমরা জানি জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে ঘাটতি আছে। সিভিল সোসাইটি থেকে বিশ্ব নেতাদের কাছে আমাদের আহ্বান, বিশ্ব নেতারা যেন অঙ্গীকার না ভুলে সেটা বাস্তবায়ন করেন।' তিনিও জলবায়ু তহবিল বাস্তবায়নে স্বচ্ছতার দাবি তোলেন।