ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রমিক অসন্তোষ

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবির সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

বিজিবি বলছে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এজন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া ভিডিও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া চলমান শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

সকালে কারখানাগুলোর সামনে বন্ধ রাখার নোটিস টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এছাড়া একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে আরও সাতটি পোশাক কারখানা। ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছেন শ্রমিকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত