ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

চার ফ্লাইটে আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

চার ফ্লাইটে আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

আপাতত চার ফ্লাইট দিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড বা তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনাল আংশিকভাবে চালু হবে। আপাতত দুটি আগমনী ফ্লাইট ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।

গতকাল শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন বলে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুকরণ বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনাল-৩-এর কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় টার্মিনালটি চালুর পর্যায়ে এসেছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে সচল করার কার্যক্রম অব্যাহত থাকবে।

বৈঠকে উপস্থিত থাকা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আপাতত চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে। ফ্লাইটগুলো নিয়মিত চলবে। ধীরে-ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। অন্যান্য কাজও চলমান থাকবে। এরপর আগামী মার্চে টার্মিনালটি পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় টার্মিনাল চালুর লক্ষ্যে ইমিগ্রেশন বুথের কার্যক্রম শুরু করা, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। সভায় অন্যদের মধ্যে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক) গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত