ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’

বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’

মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ বলে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। গত বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যজুড়ে ‘গণহত্যা’ চালাচ্ছে এবং একই সময়ে ইসলামাবাদে শান্তি আলোচনার বন্দোবস্ত করা হলেও লেবাননে হামলা অব্যাহত রয়েছে। খাজা আসিফ দাবি করেন, নিরীহ বেসামরিক মানুষদের হত্যা করা হচ্ছে এবং গাজা, ইরান ও এখন লেবাননে ‘রক্তপাত অব্যাহত রয়েছে।’ তিনি আরও বলেন, যারা ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠা করেছেন তারা ‘নরকে পুড়বে।’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি এবং বৈঠক হবার আগের রাতে খাজা আসিফের এই মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ২ মার্চ থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে ১৭৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব হামলায় সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। তবে ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পরপরই লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

সেই ১০ মিনিটের ১০০ বিমান হামলায় ২৫৪ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক। একই সঙ্গে এই বর্বর হামলাকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে রেডক্রস সোসাইটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত