
ইংল্যান্ডে কাউন্সিল এবং স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্ট নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়ছে। ক্ষমতাসীন লেবার পার্টির ২০-এর বেশি এমপি প্রধানমন্ত্রীকে তার পদত্যাগের সময়সীমা ঘোষণার আহ্বান জানিয়েছেন। তবে স্টারমার এখনও দৃঢ়- তিনি পদত্যাগ করবেন না। তার মন্ত্রিসভার সদস্যরাও তার প্রতি সমর্থন ব্যক্ত করে বার্তা দিচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।
জাতীয় নির্বাচনের দুই বছর আগে ইংল্যান্ডের স্থানীয় নির্বাচন এবং স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্টে এমন ভরাডুবিকে লেবার পার্টির জন্য অশনি সঙ্কেত হিসেবেই বিবেচিত হচ্ছে। বিবিসি লিখেছে, ওয়েলসের পার্লামেন্টে ঐতিহাসিক পরাজয়ের দেখা পেয়েছে স্টারমারের দল। ২৭ বছর পর ক্ষমতা হারিয়েছে তারা।
এবারের ভোটের ফলে ওয়েলসের স্বাধীনতাপন্থি মধ্য-বাম প্লাইড কামরি সেখানে সর্ববৃহৎ দল হিসেবে আবির্ভূত হয়েছে, ৯৬ আসনের পার্লামেন্টে তারা জিতেছে ৪৩ আসন।