
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগসাজশ ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনে ৬৪ জন শিয়া মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে প্রায় ৬০ জনই ধর্মীয় নেতা। একই মামলায় আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার বাহরাইনের হাইকোর্ট এ রায় দেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসি (বিআইআরডি) জানিয়েছে, গত ৫ জুলাই শুরু হওয়া এ মামলায় মোট ৬৯ জনকে আসামি করা হয়েছিল। তাদের মধ্যে ৬০ জন শিয়া আলেম এবং বাকি ৯ জন ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি। বিআইআরডির তথ্য অনুযায়ী, ১৩ জনকে তাদের অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। তাদের মধ্যে দেশটির শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ঈসা কাসেমও রয়েছেন। তিনি ২০১৮ সাল থেকে ইরানে বসবাস করে আসছেন।
বাহরাইনের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, অভিযুক্তরা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে সংবিধান স্থগিত এবং দেশটির শাসনব্যবস্থা উৎখাতের প্রচেষ্টার অভিযোগও আনা হয়। মামলায় কয়েকজন আসামিকে সর্বোচ্চ এক লাখ বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা করা হয়েছে।