
জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা করতে যাচ্ছে চীন। বৈদ্যুতিক গাড়ির পর এবার সম্পূর্ণ বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমানের সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে দেশটি। গত রোববার চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে প্রথমবারের মতো সফলভাবে আকাশে উড়েছে বিমান।
চীনের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা সংস্থা কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না (কোমাক) বিমানটি তৈরি করেছে। প্রকল্পটিতে সহযোগী হিসেবে কাজ করেছে বিশ্বখ্যাত ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিএটিএল এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ১০ টন ওজন বহনের ক্ষমতাসম্পন্ন বিমানে ক্রুসহ ১৯ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম বিমানটি একবার পূর্ণ চার্জে প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। 'সিই-২৫এ' মডেলের বিমানটির মূল বিশেষত্ব হলো এর চালিকাশক্তি। প্রচলিত বিমানের মতো জ্বালানি পুড়িয়ে ইঞ্জিন চালানোর পরিবর্তে এটি সম্পূর্ণ ব্যাটারিতে চলে। বিমানটির দুই ডানায় পাঁচটি করে মোট ১০টি বৈদ্যুতিক ফ্যান বসানো হয়েছে।