
বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের পর পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল শনিবার রাজ্যের নতুন শাসক হিসেবে শপথ নিয়েছেন তিনি। তবে এমন সুখের মুহূর্তেই হঠাৎ গলার কাঁটা হয়ে উঠেছে তার পুরোনো একটি ভিডিও। ওই ভিডিওতে তাকে পাঁচ লাখ রুপি ঘুস নিতে দেখা গিয়েছিল বলে দাবি করা হয়।
এমনকি সেই ঘটনা নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছে ভিডিওটি। জানা যায়, ভিডিওটি বছর দশেক আগে নারদ স্টিং অপারেশনের সময়কার। ওই সময় শুভেন্দু তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ছিলেন। তিনিসহ তৃণমূলের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে ঘুসগ্রহণের অভিযোগ উঠেছিল ওই সময়। বিজেপির ইউটিউব চ্যানেলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে স্টিং অপারেশনের সেই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের এক জনসভায় বিষয়টি তুলেছিলেন প্রধানমন্ত্রী মোদীও।