
ভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সাধারণ সম্পাদক প্রতিবেশী পাকিস্তানকে ‘পিনপ্রিক’ বা ‘সূচের খোঁচার’ সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ, পাকিস্তান ভারতকে খোঁচাচ্ছে বলে বুঝিয়েছেন তিনি। আরএসএস-এর এই নেতা বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনীকে বিশ্বাস করা যায় না। তবে একইসঙ্গে, তিনি বলেছেন, প্রতিবেশী দেশটির সঙ্গে সংলাপের দরজা বন্ধ করা উচিত হবে না।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার আরএসএসের সাধারণ সম্পাদক দত্তত্রেয়া হোসাবলে এই মন্তব্য করেন। আরএসএস নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি–বিজেপির আদর্শিক অভিভাবক সংগঠন। আরএসএসপ্রধান মোহন ভাগবতের পর হোসাবলে সংগঠনটির দ্বিতীয় শীর্ষ নেতা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে হোসাবলে বলেন, ‘পাকিস্তান যদি পুলওয়ামার মতো ঘটনা ঘটিয়ে সূচের খোঁচার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তাহলে পরিস্থিতি অনুযায়ী আমাদের যথাযথ জবাব দিতে হবে। কারণ, একটি দেশ ও জাতির নিরাপত্তা এবং আত্মসম্মান রক্ষা করতে হয়। ক্ষমতায় থাকা সরকারের সেটি গুরুত্বের সঙ্গে দেখা এবং মোকাবিলা করা উচিত। কিন্তু একই সময়ে আমাদের দরজা বন্ধ করা উচিত নয়। সংলাপের জন্য সবসময় প্রস্তুত থাকা প্রয়োজন।’ হোসাবলে আরও বলেন, ‘এ কারণেই কূটনৈতিক সম্পর্ক বজায় থাকে, বাণিজ্য চলতে থাকে এবং ভিসা দেওয়া হয়। এগুলো বন্ধ করা উচিত নয়। কারণ সংলাপের জন্য সবসময় একটি জানালা খোলা থাকা দরকার।’ দুই দেশের অভিন্ন ইতিহাসের কথাও উল্লেখ করেন হোসাবলে। তাঁর মতে, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে।