
চলমান যৌথ পারমাণবিক মহড়ার অংশ হিসেবে প্রতিবেশী দেশ বেলারুশের ফিল্ড স্টোরেজ বা মাঠপর্যায়ের সংরক্ষণাগারগুলোতে পারমাণবিক গোলাবারুদ ও অস্ত্র সরবরাহ করেছে রাশিয়া। গত বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার যখন এক প্রকার ‘অস্তিত্ব রক্ষার লড়াই’ চলছে, ঠিক তখনই গত মঙ্গলবার থেকে রাশিয়া ও বেলারুশজুড়ে তিন দিনব্যাপী এই বড়মাপের পারমাণবিক মহড়া শুরু হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক বাহিনীর এ বিশেষ সামরিক মহড়ার অংশ হিসেবেই বেলারুশ প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র ব্রিগেডের নির্ধারিত ঘাঁটির ফিল্ড স্টোরেজে পারমাণবিক গোলাবারুদ পৌঁছে দেওয়া হয়েছে।
মস্কো আরও জানায়, বেলারুশের ক্ষেপণাস্ত্র ইউনিটটি বর্তমানে তাদের শক্তিশালী ‘ইস্কান্দার-এম’ ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য বিশেষ পারমাণবিক যুদ্ধাস্ত্র গ্রহণ করার প্রশিক্ষণ নিচ্ছে।