
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও বেইজিংয়ের পক্ষ থেকে এখনও ‘তীব্র হুমকি’ রয়েছে বলে ফিলিপাইন দাবি করার পরদিনই বিতর্কিত ওই অঞ্চলের কাছাকাছি এলাকায় টহল দিয়েছে চীনের সামরিক বাহিনী ও কোস্টগার্ড। গতকাল রোববার চীন ও ফিলিপাইনের পক্ষ থেকে এই সামরিক তৎপরতার কথা জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এর আগে গত সপ্তাহে স্কারবরো শোলের কাছে একই জলসীমায় পাঁচ দিনের যৌথ সামুদ্রিক মহড়া চালায় ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের বাহিনী। চলতি বছরে এটি ছিল দুই দেশের তৃতীয় যৌথ মহড়া। ফিলিপাইনের সামরিক বাহিনী জানিয়েছে, আন্তকার্যক্ষমতা বৃদ্ধি এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করাই ছিল এর লক্ষ্য। চীনের পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ ও বিমান ইউনিট স্কারবরো শোল এবং এর আশপাশের ‘আঞ্চলিক সমুদ্রসীমা ও আকাশসীমায়’ যুদ্ধ-প্রস্তুতি টহল পরিচালনা করেছে।