
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নতুন রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন। স্বাক্ষর জালিয়াতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার বাসভবনে তল্লাশি চালিয়েছে। ৭১ বছর বয়সি এই প্রবীণ নেত্রী এমন এক সময়ে তদন্তের মুখোমুখি হলেন, যখন তার দলেও প্রকাশ্য অভ্যন্তরীণ বিরোধ বাড়ছে। বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের কাছে পাঠানো একটি চিঠিতে দলীয় বিধায়কদের জাল স্বাক্ষর ব্যবহারের অভিযোগ তদন্ত করছে সিআইডি। অভিযোগ অনুযায়ী, দলীয় নেতা শোভনদেব চট্টপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা (এলওপি) হিসেবে নির্বাচনের সমর্থনে বিধানসভার স্পিকারের কাছে পাঠানো পত্রে কয়েকজন বিধায়কের ভুয়া স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।