
১৬ বছরের কম বয়সিদের জন্য ফেইসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো সম্পূর্ণ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অনলাইনের আসক্তি থেকে শিশুদের ‘সুস্থ শৈশব ফিরিয়ে দিতে’ ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার পথে এগিয়ে যাচ্ছে দেশটি।
বিশ্বজুড়ে শিশু নিরাপত্তার ক্রমাগত চাপের মুখে এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার, যা ২০২৭ সালের মধ্যেই কার্যকর হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেইসবুক ও এক্স-এর মতো জনপ্রিয় বিভিন্ন প্ল্যাটফর্ম। সব ঠিক থাকলে, ২০২৭ সালের শুরুতেই এ সংক্রান্ত প্রথম ধাপের নিয়মকানুন কার্যকর হবে। গেল বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় পাস হওয়া ঐতিহাসিক এক আইনকে মডেল হিসেবে ধরে এ পরিকল্পনা করছে যুক্তরাজ্য। তবে যুক্তরাজ্য এখানেই থেমে থাকছে না, বরং শিশুদের জন্য বিশেষভাবে ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ বিভিন্ন ফিচারের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে দেশটির। এর মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সি ব্যবহারকারীদের জন্য লাইভস্ট্রিমিং ও অপরিচিতদের সঙ্গে যোগাযোগের সুবিধা বন্ধ করে দেওয়া।
অন্যদিকে, ১৬ ও ১৭ বছর বয়সিদের জন্য এসব সুরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে চালু থাকবে। এছাড়া, অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতের বেলা ব্যবহারের সময়সীমা নির্ধারণ ও অবিরাম স্ক্রলিংয়ের অভ্যাস নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোও সরকার বিবেচনা করছে। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করে এবং শিশুদের তাদের শৈশব ফিরিয়ে দিতে আরও ব্যাপক সুরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে আমরা বিশ্বের যে কোনো দেশের চেয়ে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি।’ এক সংবাদ সম্মেলনে স্টারমার বলেছেন, সামাজিক মাধ্যম শিশুদেরকে অসুখী করে তুলছে এবং এগুলো এমনভাবে তৈরি, যা সহজেই আসক্তি তৈরি করে। এ সিদ্ধান্তটি তিনি মোটেও হালকাভাবে নেননি।