
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পশ্চিম তীরে মসজিদ অবমাননা এবং ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। তাসনিমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি, ইসরায়েলি সেনাবাহিনীর মদতপুষ্ট ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের দ্বারা পশ্চিম তীরের রামাল্লার দুটি মসজিদে হামলা, তাদের বাড়িঘরে হামলা, ফিলিস্তিনিদের মারধর এবং তাদের সম্পত্তি ও খামার ধ্বংস করার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছেন।
তিনি এই অপরাধগুলোকে অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা নীতির ধারাবাহিকতা বলে মনে করেন। তিনি আন্তর্জাতিক ও মানবাধিকার সংস্থাগুলোর অব্যাহত নীরবতার বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, বর্ণবাদী ইসরায়েলি অপরাধের বিষয়ে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের অব্যাহত নিষ্ক্রিয়তার ফলেই ইসরায়েল ক্রমাগত আইন লঙ্ঘন করছে এবং ফিলিস্তিনি ও এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধ সংঘটিত করছে। বাকায়ি ফিলিস্তিনি জনগণকে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়নের পথে সমর্থন করা এবং ইসরায়েলি হত্যাযজ্ঞ ও অপরাধ বন্ধ করার জন্য মুসলিম রাষ্ট্রসমূহ এবং ইসলামী সহযোগিতা সংস্থার ধর্মীয় ও আইনি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।