
পশ্চিম ইউরোপজুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ। এর ফলে গরমে রীতিমতো হাঁসফাঁস করছে যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি এবং স্পেন। শিগগিরই তাপমাত্রা কমার সম্ভাবনা খুব কম। পশ্চিম ইউরোপের একাধিক দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আসন্ন দিনগুলোতে তাপ কমার পরিবর্তে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বেশি। তাপপ্রবাহের তেজ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে ফ্রান্সে। পরিস্থিতি সামাল দিতে স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে দেশটি। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে এবং সামনের দিনগুলোতে ফ্রান্সের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছেন তারা। জার্মানিতেও শুরু হয়েছে তাপপ্রবাহ। তবে দেশটির অবস্থা ফ্রান্সের মতো নয়। জার্মান আবহাওয়াবিদরা বলেছেন, সপ্তাহান্তে বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির জন্য দেশের কিছু অংশকে সতর্ক থাকতে হবে। ব্রিটেনে তাপমাত্রা মহাদেশ ইউরোপের মতো তীব্র হবে বলে আশা করা না হলেও, আবহাওয়াবিদরা নিশ্চিত করেছেন যে ইংল্যান্ড এবং ওয়েলস এ যাবৎকালের সবচেয়ে উষ্ণতম বসন্ত পার করছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এই ধরনের চরম পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে, যার ফলে তাপপ্রবাহ, খরা এবং বন্যার মতো আবহাওয়ার ঘটনাগুলো আরও তীব্র ও ঘন ঘন ঘটছে।