ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান

বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান

ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে গতকাল রোববার ভোরে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘বেশ কয়েকজন রাজনীতিককে’ আটক করতেই এ অভিযান চালানো হয়। গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর রয়েছে। এছাড়া উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিকদের অনেকেই এ এলাকায় বসবাস করেন। বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের স্থানীয় চ্যানেলগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্যাংকসহ ভারী সামরিক যান নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রিন জোনে অবস্থান করছেন। কয়েকটি ভিডিওতে তাদের একটি কম্পাউন্ডের ভেতরে ও একটি ক্ষেত্রে বাড়ির ভেতরেও দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, ‘বিচার বিভাগের নির্দেশে আর্থিক দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজন রাজনীতিককে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে।’ তিনি জানান, অভিযানে সন্ত্রাসবিরোধী বাহিনী ও সেনাবাহিনী অংশ নেয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ওই কর্মকর্তা আটক হওয়া ব্যক্তিদের পরিচয় বা এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জ্যেষ্ঠ কয়েকজন ইরাকি কর্মকর্তাকে গ্রেফতারের লক্ষ্যেই ব্যাপক পরিসরে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় কয়েকজনের নামও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কয়েক দশক ধরে দেশটিকে পীড়িত করে আসা দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত