ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত অন্তত ৪০

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত অন্তত ৪০

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের সীমান্ত এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবারের এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, কোয়েটা থেকে পেশোয়ারগামী বাসটি বেলুচিস্তানের শেরানি জেলার ধনা সার এলাকা ছেড়ে খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান সীমান্ত অতিক্রম করার পরপরই এই দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, কোয়েটা থেকে পেশোয়ারগামী বাসটি বেলুচিস্তানের শেরানি জেলার ধনা সার এলাকা ছেড়ে খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান সীমান্ত অতিক্রম করার পরপরই এই দুর্ঘটনা ঘটে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, ‘প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং আটজন আহত হয়েছে। ঘটনার পরপরই বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট বিভাগগুলো যৌথভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে। দুর্ঘটনার আসল কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

শেরানি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকর দুর্ঘটনার বিবরণ দিয়ে জানান, বাসটি শুরুতে ৩৬ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে রওনা হয়েছিল। তবে পথিমধ্যে বিকল হয়ে যাওয়া অন্য একটি বাসের যাত্রীদেরও এই বাসে তুলে নেওয়া হয়েছিল।

খাইবার পখতুনখোয়ার জরুরি সেবা সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। জোব অঞ্চলের জরুরি উদ্ধারকারী দল তথ্য পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায়।

আহত আটজনকে জোব জেলার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স (ডিএইচকিউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের লাশও প্রাথমিক প্রক্রিয়া শেষে এই হাসপাতালেই স্থানান্তর করা হয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তাদের সম্ভাব্য সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট বলেন, ‘এই দুঃখজনক ঘটনায় পুরো জাতি শোকার্ত পরিবারগুলোর পাশে রয়েছে।’

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী শরফরাজ বুগতিও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, এই কঠিন সময়ে বেলুচিস্তান সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে।

ডন লিখেছে, পাকিস্তানে পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রায় আড়াই মাস আগে খাইবার পখতুনখোয়ার লোয়ার দির এলাকায় একটি গাড়ি গভীর খাদে পড়ে তিন নারী নিহত ও দুজন আহত হয়েছিলেন।

এর আগে গত ৩১ মার্চ আপার চিত্রালে পিচ্ছিল সড়ক থেকে একটি জিপ খাদে পড়লে এক শিশুসহ তিনজন নিহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত