
যুক্তরাষ্ট্রে গত বৃহস্পতিবার তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় লাখ লাখ মার্কিন নাগরিক দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সুইমিং পুলগুলোতে ছিল উপচে পড়া ভিড়, আর অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপরও ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদদের আশঙ্কা, স্বাধীনতা দিবসের (৪ জুলাই) ছুটির পুরোটাজুড়ে দেশের বড় বড় শহরগুলোতে বিপজ্জনক মাত্রার তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।
দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে কয়েক দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহ উত্তর-পূর্বাঞ্চলেও আরও তীব্র আকার ধারণ করেছে। এর ফলে নিউইয়র্ক, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে।
জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, ২ জুলাই নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর এবং নিউ জার্সির নিউয়ার্কে তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট (৪০ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে, যা কয়েক দশকের পুরোনো রেকর্ড ভেঙেছে। এদিকে, ওয়াশিংটনে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এটি ১৮৯৮ সালের একই দিনের রেকর্ড অতিক্রম করেছে।
আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রার সঙ্গে বাতাসের আর্দ্রতা যোগ হওয়ায় পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠেছে। এনডব্লিউএস সতর্ক করে বলেছে, মধ্য-আটলান্টিক অঞ্চলে ‘হিট ইনডেক্স’ বা অনুভূত তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।