
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে এক নারী ও তার ৮ মাসের মেয়েকে ১৫ তলা থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে অ্যাঞ্জেল কারাসকো নামের ৩১ বছর বয়সি এক যুবককে স্থানীয় সময় গত বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এনবিসি নিউজের। তদন্তকারীরা জানান, গত মঙ্গলবার ভোরে ব্রঙ্কসের অ্যালারটন এলাকার ওলিনভিল অ্যাভিনিউতে ২৩ বছর বয়সি নাথালি রামিরেজ নিজের মেয়েকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলেন। এ সময় ধাক্কা দিলে মা ও মেয়ে নিচে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর নাথালিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজন। কর্তৃপক্ষের ধারণা, মায়ের শরীর নিচে পড়ার সময় শিশুটির জন্য কিছুটা সুরক্ষাকবচ হিসেবে কাজ করেছে। কর্মকর্তারা জানান, পুলিশ যখন কারাসকোকে গ্রেপ্তার করে, তখন তিনি এক বন্ধুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেছে।