ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরিয়ায় আসাদ আমলে প্রাণ গেছে ২৩ হাজার শিশুর, নিখোঁজ হাজারো

সিরিয়ায় আসাদ আমলে প্রাণ গেছে ২৩ হাজার শিশুর, নিখোঁজ হাজারো

সিরিয়ায় দীর্ঘদিনের সংঘাতের মধ্যে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বাহিনী ও নিরাপত্তা সংস্থার হাতে ভয়াবহ নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে শিশুরা। বিচারবহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, গুম এবং স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলার ঘটনায় হাজারো শিশুর জীবন বিপর্যস্ত হয়েছে। এসব অপরাধের বিচার, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা।

গত শুক্রবার বিশ্ব শিশু দিবস উপলক্ষে বিশেষজ্ঞরা বলেন, সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের অধিকার রক্ষা করা জরুরি। একই সঙ্গে সিরিয়ার শিশুদের ওপর সংঘটিত পরিকল্পিত নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। জীবন, নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও আইনি পরিচয় পাওয়ার অধিকার আন্তর্জাতিক সনদ অনুযায়ী নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তারা। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের (এসএনএইচআর) নির্বাহী পরিচালক ফাদেল আবদুল গনি বলেন, ২০১১ সালের মার্চ থেকে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বাহিনীর পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার বেসামরিক জনগোষ্ঠীর মধ্যে শিশুরা অন্যতম। তিনি জানান, তাদের সংস্থার নথিতে আসাদ সরকারের বাহিনীর হাতে বিচারবহির্ভূতভাবে ২৩ হাজার ১৪৬ শিশুকে হত্যার তথ্য রয়েছে।

এ ছাড়া বিভিন্ন বন্দিশিবিরে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে আরও ২২২ শিশু। তার মতে, এগুলো যাচাই করা ঘটনার সর্বনিম্ন হিসাব। গত শুক্রবার প্রকাশিত হালনাগাদ তথ্যে এসএনএইচআর জানায়, ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা বাহিনী ৩ হাজার ৭৩৬ শিশুকে গ্রেপ্তার ও গুম করেছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আবদুল গনি বলেন, নিখোঁজ ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে বা তিনি কোথায় আছেন, তা জানা না যাওয়া পর্যন্ত গুমের অপরাধ চলমান থাকে। ফলে নিখোঁজ শিশুদের পাশাপাশি তাদের পরিবারকেও দীর্ঘদিন ধরে অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। সংস্থাটির তথ্যমতে, ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় স্কুল ও কিন্ডারগার্টেনে প্রায় ১ হাজার ২৮৭টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে চিকিৎসাকেন্দ্রে হামলা হয়েছে অন্তত ৫৬৬টি।

আবদুল গনি বলেন, এসব হামলায় শত শত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস হয়েছে। ফলে একটি পুরো প্রজন্ম নিরাপদে শিক্ষা গ্রহণ ও চিকিৎসা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আবদুল গনি জানান, ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই কিছু শিশুকে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছিল। এসব শিশুর প্রকৃত পরিচয় শনাক্ত করা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়ার জন্য স্বাধীন তদন্ত প্রয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত