
ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় ভেজাল মদপানের অভিযোগে তিন দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে প্রায় ১৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। গত শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেন চান্দেল জেলা সদর দফতরের সুমিল লাংহু। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার জানা মতে ১৫ জনের মৃত্যু হয়েছে। ইম্ফলের শিজা হাসপাতালে প্রায় ১৫০ জন রোগী পরীক্ষা করাতে এসেছেন। এ ছাড়া বাবিনা হাসপাতালেও আরও অনেকে একই ধরনের চিকিৎসা নিচ্ছেন। লাংহু বলেন, গত দুই থেকে তিন দিনের মধ্যে এ ঘটনা ঘটেছে। তার পাওয়া তথ্য অনুযায়ী, মদপানের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।