
অনলাইনে ইউটিউব সাবস্ক্রিপশন ও ভুয়া ট্রেডিং বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. পেয়ার আহমেদ (২৪) ও মোহাম্মদ আলী (৪২)। গত বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মুন্সীরহাট বাজার এলাকা থেকে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট তাদের গ্রেপ্তার করে।
সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রতারক চক্রটি নিজেদের মালয়েশিয়াভিত্তিক ‘ব্র্যান্ড সোল ডিজিটাল মার্কেটিং’ এবং বাংলাদেশি এজেন্ট ‘টাস্ক বিডি অনলাইন ট্রেড’-এর প্রতিনিধি হিসেবে পরিচয় দিত।
প্রতারকরা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে ভুক্তভোগীদের ইউটিউব সাবস্ক্রিপশন ও অনলাইন ট্রেডিং বিনিয়োগে আকৃষ্ট করে প্রথমে সামান্য মুনাফা প্রদান করত। পরবর্তীতে ধাপে ধাপে বিকাশ ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিতো এবং এক পর্যায়ে ভুক্তভোগীদের গ্রুপ বা অ্যাপস থেকে সরিয়ে দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক ভুক্তভোগীর কাছ থেকে চক্রটি মোট ২ লাখ ৭৪ হাজার ৮১৬ টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় ভুক্তভোগী গত ৬ মে বাড্ডা থানায় মামলা করেন।