ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক অতিরিক্ত সচিব আফরোজার ফ্ল্যাট জব্দ

সাবেক অতিরিক্ত সচিব আফরোজার ফ্ল্যাট জব্দ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের স্ত্রী কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের মহাখালী ডিওএইচএস এলাকায় ২৭০০ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়েছে, মহিবুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা আত্মসাতপূর্বক বিদেশে পাচারসহ নিজ ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুন্ধানকালে প্রাপ্ত-সংগৃহীত তথ্যাদি ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, যে অভিযোগ সংশ্লিষ্ট মহিবুল হকের স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের নামে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ২ নং রোডস্থ ১৯০ নং প্লটের ভবনে ২৭০০ স্কয়ার ফিট আয়তন বিশিষ্ট ৫/এ নং ফ্ল্যাট রয়েছে। বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দা আফরোজা বেগম তার নামে অর্জিত স্থাবর সম্পত্তি অনাত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে তার নামে থাকা স্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে, অনুসন্ধানের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত