ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কেন্দ্রীয় কমিটি গঠন

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কেন্দ্রীয় কমিটি গঠন

বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা ও প্রত্যাহারের কার্যক্রম পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সরকার। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ অধিশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের নিচে নয়)। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

কার্যপরিধিতে বলা হয়েছে, জেলা কমিটি থেকে পাওয়া সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করবে কেন্দ্রীয় কমিটি। এরপর এসব মামলার তালিকা প্রস্তুত করে সেগুলো প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করবে। এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত