ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ-ইন্দোনেশিয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই নিয়ে আলোচনা

বাংলাদেশ-ইন্দোনেশিয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই নিয়ে আলোচনা

বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) সই করতে আগ্রহী ইন্দোনেশিয়া। এ বিষয়ে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে দুই দেশ। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে চুক্তিটি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওওয়াতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ-ইন্দোনেশিয়া পিটিএ আলোচনার অগ্রগতি নিয়ে মতবিনিময় করা হয়। দ্রুত সময়ের মধ্যে চুক্তিটি সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় ইন্দোনেশিয়ার সমর্থন কামনা করেন। এছাড়া ২০২৬-২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতিও সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত