ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

এপ্রিলে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক

এপ্রিলে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক

আগামী মাসের শুরুতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রসচিবদের ১৪তম বৈঠক। ওই বৈঠকে চীনের নেতৃত্ব দিতে দেশটির উপমন্ত্রী সুন ওয়েডং আগামী ২ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে বেইজিং থেকে ঢাকায় উচ্চপর্যায়ের প্রথম সফর। গতকাল বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আসন্ন সফরের বিষয়ে তাঁকে জানান। পররাষ্ট্রমন্ত্রীর বাসায় ওই আলোচনার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৪তম বাংলাদেশ-চীন কূটনৈতিক বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের নতুন ক্ষেত্র অনুসন্ধান করা হবে বলে আশা করা হচ্ছে। সফরকালে উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েইদং দেশের উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় চীনের দীর্ঘদিনের সমর্থন ও অবদানের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠনের পর এই সফর বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত