
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সৈনিকদের শুদ্ধ উচ্চারণে কেরাত চর্চা ও সুললিত কণ্ঠে আজানে অনুপ্রাণিত করার লক্ষ্যে বিজিবিতে আজান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী গতকাল শুক্রবার বাদ জুম্মা পিলখানায় কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন। এসময় বিজিবি’র সব পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। গত ১১ মার্চ থেকে পিলখানার বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ৩ দিনব্যাপী আযান ও কেরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আযান প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে রামু সেক্টরের অধীনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ল্যান্স নায়েক মোহাম্মদ জাকারিয়া প্রথম স্থান এবং ঢাকা সেক্টরের অধীনে ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর সিপাহি মো. সাইফুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেন। অপরদিকে, কেরাত প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে শ্রীমঙ্গল সেক্টরের অধীনে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর নায়েক বিলাল আহমদ প্রথম স্থান এবং কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সিপাহি রাকিবুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেন। আযান ও কেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে রামু সেক্টর চ্যাম্পিয়ান এবং কুষ্টিয়া সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।