ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

টেকনাফে বাস সিএনজি সংঘর্ষে শিশু নিহত

টেকনাফে বাস সিএনজি সংঘর্ষে শিশু নিহত

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাহিদ ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বুধবার দুপুরের দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাংয়ের ঝিমংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি ছিল বেশ তীব্র। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদ ইসলামকে মৃত ঘোষণা করেন।

নিহত নাহিদ ইসলাম হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলীআকবর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরের ছেলে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, সিএনজি চালকের শারীরিক অবস্থা গুরুতর। হোয়াইক্যাং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট যানবাহন জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত