
রাজধানীর গাবতলীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম নুসরাত আক্তার (১৪)। সে নোয়াখালীর সেনবাগ উপজেলার খেজুরিয়া গ্রামের মো. সোহাগ মিয়ার মেয়ে। সে মোহাম্মদপুরের ফিউচার হাউজিংয়ের ২ নম্বর রোডের বাসায় থেকে স্থানীয় হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। দুর্ঘটনার পর দুপুর ২টার দিকে নুসরাতকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা চাচা আবু হানিফ বলেন, ‘আমার ভাতিজি আজ গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসে। পরে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে মোহাম্মদপুরের বাসায় যাওয়ার সময় গাবতলী বেড়িবাঁধ এলাকায় দ্রুতগামী একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ভাতিজি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’