
ওমানের সুলতান হাইথাম বিন তারিককে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল-বুসাইদীর সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এ চিঠি পৌঁছে দেন।
চিঠিতে প্রধানমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেছেন। ওমানের ওপর হামলা এবং প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি গভীর উদ্বেগ জানান। এছাড়া, ওমানে অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপের জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে ওমান সরকারের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা এবং অঞ্চলে শান্তি, সংলাপ ও কূটনীতি প্রসারে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় বাংলাদেশ ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয় উঠে আসে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও কথা হয়। পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এ অঞ্চলের দেশগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সম্পর্ক জোরদারে কয়েকটি উপসাগরীয় দেশ সফর করছেন।