
রাজধানীর ডেমরার মুসলিমনগর এলাকার একটি বাসা থেকে ওয়ালিদ হাসান চৌধুরী নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, পড়ালেখা নিয়ে বাবা বকাঝকা করায় অভিমানে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার সকালে বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওয়ালিদ ডেমরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
ছেলের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা আবুল হাসান চৌধুরী। ঢামেক হাসপাতালে তিনি জানান, ওয়ালিদ একটু জেদি প্রকৃতির ছিল। দুই মাস আগে ছেলের আবদার মেটাতে একটি মোটরসাইকেলও কিনে দিয়েছিলেন তিনি। এপ্রিলের ২১ তারিখে ওয়ালিদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু সে ঠিকমতো পড়াশোনা করছিল না। এ নিয়ে প্রায়ই তাকে বকাঝকা করতেন তিনি। গত রাতেও পড়াশোনার বিষয়ে ছেলেকে বকাঝকা করেছিলেন। এরপর গতকাল সকালে অনেকক্ষণ ডাকাডাকি করার পরও ওয়ালিদ ঘরের দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।