
বাংলাদেশে আটক শ্রীলঙ্কার ৬ জন জেলেকে মুক্তি দিয়ে সে দেশের হাইকমিশনের কাছে হস্তান্তর করেছে সরকার। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তি পাওয়া ছয় জেলেকে নিরাপদে প্রত্যাবাসনে ঢাকায় শ্রীলঙ্কা হাইকমিশন সফলভাবে সহায়তা করেছে। বাংলাদেশের জলসীমায় গত ১৬ জুলাই অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রীলঙ্কার একটি ট্রলারসহ ৬ জন জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়। নৌবাহিনী সূত্রে জানা গেছে, গভীর সমুদ্রে নিয়মিত টহলের অংশ হিসেবে একটি যুদ্ধজাহাজ সেন্টমার্টিনের ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এলাকায় ‘এসএলএফভি সুদু দুয়া-৪’ নামের একটি শ্রীলঙ্কান মাছধরা ট্রলারকে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করতে দেখে। পরে তল্লাশি চালিয়ে ট্রলারসহ ৬ শ্রীলঙ্কান জেলেকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ট্রলারটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মূল্যবান টুনা মাছ শিকারের চেষ্টা করছিল।