ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাজশাহীতে ৫ ডাকাত গ্রেপ্তার

রাজশাহীতে ৫ ডাকাত গ্রেপ্তার

জেলার তানোর ও বগুড়ায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত জসিম উদ্দিন জুয়েল ওরফে মালুসহ তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানি ও র‌্যাব-১২-এর বগুড়া সিপিএসসি ক্যাম্পের একটি যৌথবাহিনী গতকাল শুক্রবার সকালে জেলার তানোর থানাধীন কচুয়া নামাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই গ্রামের ইয়ার উদ্দিনের বসতবাড়ি এবং বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা এলাকা থেকে ডাকাতচক্রের মূলহোতা মো. জসিম উদ্দিন জুয়েলকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক, দেশীয় অস্ত্র, যন্ত্রপাতি ও মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল দুপুরে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা এবং মহানগর এলাকায় দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে ডাকাতি করে আসছিল। জসিম অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির এবং তার নামে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও রাজশাহীসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার একটি মামলায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন ডাকাতির সঙ্গে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত