
আসন্ন বগুড়া-৬ (সদর) উপনির্বাচন ও শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতি) আসনের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার সমন্বয়ে বাহিনীকে একটি সমন্বিত ও জবাবদিহিমূলক কাঠামোয় সাজানো হয়েছে। এ উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতি উপজেলা স্টেডিয়ামে আয়োজিত প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সমাবেশে শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্য-সদস্যারা অংশগ্রহণ করেন। একই সময়ে অত্যাধুনিক জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বগুড়া জেলার সমাবেশের সঙ্গে সরাসরি সংযুক্তি স্থাপন করা হয়, যা সার্বিক কার্যক্রমে সমন্বয়, তদারকি ও প্রযুক্তিগত সক্ষমতার নতুন মাত্রা যোগ করে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এ নির্বাচনগুলোতে শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে ১৭০৪ জন এবং বগুড়া সদর উপজেলার ১৫০টি ভোটকেন্দ্রে ১৯৯০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালন করবেন। দুই আসনের মোট ২৭৮টি ভোটকেন্দ্রে সর্বমোট ৩৬৯৪ জন সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে একজন অস্ত্রধারী আনসার সদস্য প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিত করবেন।