
কোটাবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন কারাগার থেকে আসামি মাহবুব আলীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল মিয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে আসামির জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন-পীড়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন এবং তদন্ত অব্যাহত রয়েছে। এছাড়া, মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে। শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিল নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন।