
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধের কাছে এ ঘটনা ঘটে। নিহত নেতার নাম মো. শামীম (৪০)। তিনি সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের নামণ্ডপরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুলিশ জানায়, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। পূর্বশত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির ভাই মোহাম্মদ সেলিম বলেন, গতকাল বৃহস্পতিবার তার ভাই বউকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কিছু লোক এসে তার ভাইকে সেখান থেকে ডেকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়। এরপর বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা করে। প্রায় ১৫ দিন আগে এলাকার ইরান নামের এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিবাদ হয়েছিল। এ বিবাদ থেকে এ ঘটনা ঘটতে পারে।