
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজধানীর সব কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষাকেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই আদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে। কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া নিশ্চিত করতেই ডিএমপি এই কঠোর অবস্থান নিয়েছে।