
বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হবে।
গতকাল রোববার হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লবের সই করা ওই নির্দেশনায় বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতের লক্ষ্যে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সালের ১১ নম্বর আইন) এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে ২ দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।