
রাজধানীর বনানীতে একটি অবৈধ শিশা লাউঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিশা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (গতকাল) দিবাগত রাতের এই অভিযানে লাউঞ্জটির মালিকপক্ষ ও কর্মীরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গতকাাল মঙ্গলবার বিকেলে ডিএনসির উপপরিচালক রাজিউর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএনসি সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানীর ‘ই’ ব্লকের ১৭/এ সড়কের ৮২ নম্বর ‘রাজিয়া’ ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘এস লাউঞ্জ রেস্টুরেন্ট’ নামের প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) ও অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযানে অংশ নেন পরিচালক (নিরোধ শিক্ষা) মাজহারুল ইসলাম, অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান চলাকালে লাউঞ্জটির ভেতরে তল্লাশি চালিয়ে মোট ৪ কেজি অবৈধ শিশা উদ্ধার করা হয়। এর মধ্যে বিভিন্ন প্লাস্টিক কৌটায় সংরক্ষিত ছিল ৩ কেজি এবং আলাদাভাবে আরও ১ কেজি শিশা পাওয়া যায়।