
বাংলাদেশ ‘গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬’-এ একটি আকর্ষণীয় প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার এক্সপো শুরু হয়েছে যা আগামী বৃহস্পতিবার শেষ হবে। বার্সেলোনার ফিরা প্রাঙ্গণে আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরো এর আর্থিক সহযোগিতায় দেশের স্বনামধন্য ৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বাংলাদেশের প্যাভিলিয়নটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ), যা স্পেনে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্যাভিলিয়নের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। এই এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সামুদ্রিক খাদ্য খাতের ব্র্যান্ডিং জোরদার করা, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা এবং বিশ্বব্যাপী বাংলাদেশি সিফুড রপ্তানি বৃদ্ধি করা। বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের উচ্চমানের ও টেকসইভাবে আহরিত সামুদ্রিক পণ্যসমূহ প্রদর্শিত হচ্ছে, যা আন্তর্জাতিক ক্রেতা ও অংশীদারদের দৃষ্টি আকর্ষণ করছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি